কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫ এ ০৬:০৮ PM
কন্টেন্ট: পাতা
বাংলাদেশ ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক হচ্ছে Aspire to Innovate (a2i) কর্মসূচির একটি বিশেষ উদ্যোগ, যা মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এবং ইউএনডিপির সহায়তায় পরিচালিত হচ্ছে। ন্যাশনাল পোর্টাল একটি ই-আর্কিটেকচার, যেখানে নাগরিক-বান্ধব কাঠামো বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য হলো—সব সরকারি প্রতিষ্ঠানের জন্য একটি অভিন্ন ওয়েবসাইট তৈরি করা এবং নাগরিকদের ই-সেবা প্রদান প্রক্রিয়ায় সময়, খরচ এবং অফিসে যাতায়াতের সংখ্যা কমানো।
ন্যাশনাল পোর্টাল এমন একটি মাধ্যম, যা সরকারি তথ্য ও সেবা প্রাপ্তির পথকে আরও সহজ ও নাগালের মধ্যে নিয়ে এসেছে। এখন শুধুমাত্র একটি ওয়েব ঠিকানা—bangladesh.gov.bd ব্যবহার করেই দেশের ৫২,০০০+ সরকারি দপ্তরের তথ্য ও সেবা পাওয়া সম্ভব। ন্যাশনাল পোর্টাল ফ্রেমওয়ার্ক চালুর আগে সরকারি অফিসগুলোর জন্য নির্দিষ্ট কোনো একক প্ল্যাটফর্ম ছিল না। ফলে নাগরিকদের জন্য সরকারি সেবা খোঁজা ও সংশ্লিষ্ট দপ্তর সম্পর্কে জানা ছিল অত্যন্ত কষ্টসাধ্য। এছাড়াও, অনেক নাগরিক সরকারি সেবার ব্যাপারে সচেতন ছিলেন না। একটি অভিন্ন পোর্টাল না থাকায় সরকারি তথ্যেও কোনো সামঞ্জস্য ছিল না। নাগরিকদের বিভিন্ন স্থান, ওয়েবসাইট ও মাধ্যম থেকে তথ্য ও সেবা সংগ্রহ করতে হতো, যা ছিল সময়সাপেক্ষ এবং বিভ্রান্তিকর। এই পোর্টাল কাঠামো কার্যকরভাবে সেই সমস্যাগুলোর সমাধান করেছে এবং সরকারী সেবা প্রাপ্তির একটি একত্রীকৃত ও সহজ পথ তৈরি করেছে।