কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ এ ০৮:২৪ PM

এজেন্সি টু ইনোভেট (এটুআই)

কন্টেন্ট: পাতা

জনবান্ধব সেবাব্যবস্থার উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সংস্কৃতির বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে 'এজেন্সি টু ইনোভেট (এটুআই)'। সরকার কর্তৃক এজেন্সি টু ইনোভেট (এটুআই) আইন, ২০২৩ অনুসারে গত ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে এসআরও নম্বর ২০-আইন/২০২৪-এর মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা, যা একটি পরিচালনা পর্ষদ এবং নির্বাহী কমিটির মাধ্যমে পরিচালিত হবে।

 

এজেন্সি টু ইনোভেট (এটুআই)-এর উল্লেখযোগ্য ক্ষমতা ও কার্যাবলির মধ্যে রয়েছে:

ক) জনবান্ধব সেবার মান উন্নয়নে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী সংস্কৃতির প্রসার;

খ) জনকল্যাণে উচ্চতর প্রযুক্তি গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ উদ্ভাবনী পণ্য ও সেবার মেধাস্বত্ব সংরক্ষণে সহযোগিতা প্রদান;

গ) প্রযুক্তি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, চাহিদা সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা প্রদান;

ঘ) প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও কর্মসূচি গ্রহণ;

ঙ) সরকার, শিল্প, শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও সমাজের নানা স্তরের সাথে অংশীদারিত্ব গড়ে তুলে পরামর্শ ও সেবা প্রদান এবং প্রয়োজনীয় সহযোগিতা গ্রহণ;

চ) নাগরিক ও প্রতিষ্ঠান পর্যায়ে অগ্রসর প্রযুক্তি বিষয়ে সচেতনতা সৃষ্টি ও চাহিদা বৃদ্ধিতে সহযোগিতা প্রদান;

ছ) আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এটুআইকে একটি বৈশ্বিক মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা; এবং

জ) সরকারের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালনসহ প্রয়োজনীয় যেকোনো কার্যক্রম পরিচালনা।

 

বর্তমানে একজন অতিরিক্ত সচিব এটুআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন এবং তাঁর অধীনে আরও দুই জন কর্মকর্তা সংযুক্ত রয়েছেন। গত ২৪ অক্টোবর ২০২৪ তারিখে এজেন্সি টু ইনোভেট (এটুআই) (তহবিল পরিচালনা ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৪ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এছাড়া ডি-নথি ও ন্যাশনাল পোর্টালের সেবামূল্য নির্ধারণ সংক্রান্ত একটি গেজেট গত ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রকাশিত হয়েছে। বর্তমানে এটুআই-এর সাংগঠনিক কাঠামো এবং প্রবিধি তৈরির কার্যক্রম চলমান রয়েছে। 

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন