কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ এ ০৪:০১ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৪-০৯-২০২৫ আর্কাইভ তারিখ: ৩১-১২-২০২৬


সাভার, ২৪ সেপ্টেম্বর ২০২৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন বাধ্যতামূলক আইসিটি কারিকুলাম কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ ‘শিক্ষক প্রশিক্ষণ ম্যানুয়াল রিভিউ ও আপগ্রেডেশন’শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং এটুআই ও ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে। এ সময়ে শিক্ষক প্রশিক্ষণে ব্যবহারের জন্য একটি পূর্ণাঙ্গ, কার্যকর ও আধুনিক ম্যানুয়াল চূড়ান্ত করা হবে, যা নতুন কারিকুলাম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা করছেন।
২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু হয়েছে। কারিকুলামের লক্ষ্য শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বাড়ানো, প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মবাজারে প্রতিযোগিতায় সক্ষম করে তোলা। এই লক্ষ্য অর্জনে শিক্ষক প্রশিক্ষণের জন্য যুগোপযোগী, ব্যবহারিক ও মানসম্মত একটি ম্যানুয়াল প্রণয়নই কর্মশালার মূল উদ্দেশ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব জনাব শীষ হায়দার চৌধুরী বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং শিক্ষকদের সক্ষমতা উন্নয়নে এটুআই ভবিষ্যতেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে।”
অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে প্রযুক্তি সক্ষমতা অপরিহার্য। দক্ষ মানবসম্পদ তৈরি করতে আমরা এটুআই ও ইউনিসেফের সহযোগিতায় নেওয়া উদ্যোগগুলোর জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম, এটুআইয়ের প্রকল্প পরিচালক জনাব মোহা: আব্দুর রফিক, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন জনাব দীপা শংকর ও এটুআইয়ের প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড আব্দুল্লাহ আল ফাহিম।