কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ এ ০৩:০৮ AM

প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান অপরিহার্য— ফয়েজ আহমদ তৈয়্যব

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ১০-১০-২০২৫ আর্কাইভ তারিখ: ২৯-০৪-২০২৬

গাজীপুর, ১০ অক্টোবর ২০২৫: প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গঠনে শিক্ষকদের প্রশিক্ষণ অপরিহার্য— উল্লেখ করে মাননীয় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গঠনে অনলাইন শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম একটি সময়োপযোগী ও অপরিহার্য উদ্যোগ। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও সমান শিক্ষার সুযোগ পাবে।”

তিনি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কারিকুলাম বাস্তবায়নের অংশ হিসেবে গাজিপুরের এক মিলনায়তনে আয়োজিত ‘শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কনটেন্ট উন্নয়ন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

তিনি বলেন, "দেশের সবচেয়ে বড় উচ্চশিক্ষার প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৫৭টি। যাতে অধ্যয়ন করছেন ৩৫ লাখের বেশি শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা দেশের উচ্চশিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ। তাদের বেশিরভাগই মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরোনো ও গতানুগতিক সিলেবাসে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তাদের বেশিরভাগই বেকার থাকে। কারণ কারিগরি ও ইংরেজি ভাষায় দক্ষতার অভাব।

এ বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও ক্রমবর্ধমান প্রতিযোগিতায় টিকে থাকার মতো দক্ষ করে গড়ে তুলতে স্নাতকে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। যুগোপযোগী এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সার্বিক সহযোগিতা করবে।" তিনি শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি ডিজিটালাইজড করার ওপরও গুরুত্বারোপ করেন।

কর্মশালাটি আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারিগরি সহায়তা প্রদান করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং ইউনিসেফ বাংলাদেশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.এস.এম. আমানুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আব্দুর রফিক, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব এডুকেশন দীপা শংকর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মোঃ নুরুল ইসলাম, এবং এটুআই-এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট লিড জনাব আবদুল্লাহ আল ফাহিম।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের পরিচিতি উপস্থাপন করেন এটুআই-এর ফিউচার অব এডুকেশন-এর প্রধান আফজাল হোসেন সারওয়ার।

কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, আইসিটি শিক্ষক, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রস্তুতকৃত প্রশিক্ষণ মডিউল ও কনটেন্ট জাতীয় ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’-এ অন্তর্ভুক্ত করে শিক্ষকদের জন্য অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।

অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন